আফগানিস্তানের দায়িত্ব ছাড়লেন ইনজামাম

পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হতে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইনজামাম-উল হক। তলানিতে পৌঁছা পাকিস্তান দলকে জাগিয়ে তুলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি সাবেক এ অধিনায়ককে প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়ায় আফগানদের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।
 
ভারতে সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে  দারুণ নৈপুণ্য দেখানো আফগানিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেছেন ইনজি। টুর্নামেন্টের সুপার টেন পর্বে নতুন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়ে ভক্তদের মন জয় করতে সক্ষম হয় আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি) প্রধান শফিক স্তানিকজাই ক্রিকইনফোকে বলেন, ই-মেইলের মাধ্যমে আমরা ইনজামাম এর পদত্যাগ পত্র পেয়েছি। 
 
তিনি আরো বলেন, আজ পিসিবি প্রধান শাহরিয়ার খান আমাকে ফোন করেছিলেন। পিসিবি তাকে পেতে চায় জানিয়ে তিনি ইনজামামকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন। আগামী ডিসেম্বর পর্যন্ত ইনজামামের সঙ্গে এসিবির চুক্তি ছিল জানিয়ে স্তানিকজাই বলেন, আমরা দেশপ্রেমিক জাতি এবং ইনজামামকে যদি পাকিস্তানের প্রয়োজন হয়, আমরা তাকে ছেড়ে দিতে প্রস্তুত। আমরা এখন চুক্তির শর্তাবলী পরীক্ষা করছি। তবে এ নিয়ে আমরা কোন বাজে অবস্থার জটিলতা সৃষ্টি করতে চাই না, সুসম্পর্ক রেখেই সব কিছু শেষ করতে চাই।
 
গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সফরের আগে আফগানিস্তান দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন ইনজামাম। এরপর আফগানরা ওয়ানডে ও টি-২০ সিরিজ জয় করলে চুক্তির মেয়াদ বাড়ান ইনজামাম। আফগানিস্তানের কোচের দায়িত্ব নেয়ার আগে ২০১২-১৩ মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেন ‘বিগ ম্যান’ খ্যাত ইনজি। রয়টার্স।