আচরণবিধি লঙ্ঘন, শ্রীবরদী পৌর মেয়র বরখাস্ত

আচরণবিধি লঙ্ঘন ও ইউএনওকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদকে বরখাস্ত করা হয়েছে।
 
রবিবার জেলা প্রশাসক এএম পারভেজ রহিম এ তথ্য জানিয়েছেন। আবু সাইদ শ্রীবরদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
 
গত ৩১ মার্চ  শ্রীবরদী ইউপিতে নির্বাচন চলাকালে মেয়র আবু সাইদ পৌরসভার গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেন। এ নিয়ে ইউএনও হাবিবা শারমিন তাকে নিবৃত করার চেষ্টা করলে তিনি ইউএনওর সঙ্গে অশোভন আচরণ করেন। ইউএনওকে হত্যার হুমকিও দেন।
 
পরে ওই রাতেই কাকিলাকুড়া ইউনিয়নের একটি কেন্দ্র থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচনী ফলাফল নিয়ে নিজ কার্যালয়ে ফেরার পথে দুবৃর্ত্তের হামলার শিকার হন ইউএনও।
 
আচরণবিধি লঙ্ঘন ও হামলার ঘটনার পর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয়া হয়েছে বলে জানানো হয়।
 
জেলা প্রশাসক জানান, ১৫ এপ্রিল নির্বাচন কমিশন থেকে পাঠানো এক চিঠিতে মেয়রকে বরখাস্ত করা হয়। সেইসঙ্গে হামলার ঘটনায় মামলা করার জন্য ইউএনওকে নির্দেশ দেয়া হয় চিঠিতে।