জাপানে ভূমিকম্পের পর বৃষ্টি, ঘর হারা মানুষের কষ্ট

 
জাপানে ভয়াবহ ভূমিকম্পের বিপর্যয় সামলে উঠার আগেই ভারী বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছে হাজারো মানুষ। খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যেই থাকতে হয়েছে তাকে।
 
বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহাণির পর উদ্ধার তৎপরতা চলার মধ্যে শনিবার রাত থেকে ঝড়ো বৃষ্টি শুরু হয়। তীব্র বাতাসে আশ্রয়কেন্দ্রগুলোর ব্লুসিট (প্লাস্টিকের তাবু) লণ্ডভণ্ড হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকার রাতে বৃষ্টিতে কাকভেজা হয়ে মাশিকি শহরেই অন্তত সাত হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত পার করে।
 
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত জাপানজুড়ে বৃষ্টি হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত কুমামতোতে ১৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখান তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
 
রবিবার সকালে কুমামমতোর স্থানীয় এক কিন্ডারগার্টেনের মাঠে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী তাকামা ইয়াকি স্থানীয় গণমাধ্যমকে বলেন, 'আমার জীবনে এতো বড় দুর্ভোগে কখনো পড়িনি। ভূমিকম্পে যখন ঘরহারা তখন বৃষ্টির আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিলাম। দমকা হাওয়ায় তাবু উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর বৃষ্টির পানিতে সব ভিজে গেছে।'
 
ভারী বৃষ্টিতে পুনর্বাসন তৎপরতা ব্যাহত হচ্ছে জানিয়ে স্থানীয় এক সরকারি কর্মকতা বলেন, 'এতো লোককে ঘরে জায়গা দিতে না পারায় খেলার মাঠে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়া প্রতিকূলে যাওয়ায় অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।' দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়ে রেখেছে। বিডি নিউজ।