চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় প্রায় দু'কোটি টাকা ব্যয়ে ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিগগিরই এটি উদ্বোধন হবে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টরা জানান, দোহাজারী গ্রিডের উপর বিদ্যুৎ কেন্দ্রটির সফলতা নির্ভর করছে।
লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলা সদর এলাকায় অবস্থিত ১৫ এমভিএ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রটির মাধ্যমে এলাকার গ্রাহকরা কম-বেশি বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বর্তমানে (মার্চ '১৫ পর্যন্ত) এ বিদ্যুৎ কেন্দ্রের গ্রাহক সংখ্যা ৪৩ হাজার ৫শ‘ ৫৫ জন। এ অবস্থায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে সাড়ে বার মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৮-৯ মেগাওয়াট বা তার চেয়ে কম।
পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ইকবাল বাহার চৌধুরী জানান, ইতিমধ্যে ৩৩ কেভি লাইন সংস্কারসহ উপজেলায় ২০কিলোমিটার নতুন লাইন চালু করা হয়েছে।এলাকায় বসানো হয়েছে নতুনভাবে ৫ হাজার মিটার। গত মাসে ১৭শ' গ্রাহকে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।
গ্রাহকরা জানান, তারা আর লোড শেডিংয়ের শিকার হতে চায় না। নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটির মাধ্যমে লোড শেডিংয়ের আওতামুক্ত হতে চায় তারা। লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শ্যামল কুমার মল্লিক জানান, বর্তমানে লোহাগাড়া উপজেলায় বিদ্যুতের যথেষ্ট উন্নতি হয়েছে। গ্রাহকরা পাচ্ছে নতুন সংযোগ। কোন দালাল ছাড়াই গ্রাহকরা সরকারি ফি জমা দেয়ার এক সপ্তাহের মধ্যে মিটার সুবিধা পাচ্ছে। এতে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের সংযোগ। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে কম। ফলে গ্রাহকরা লোড শেডিং মুক্ত হতে পারছে না। সব বময় ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সুবিধা পেলে গ্রাহকরা সার্বক্ষণিক সুবিধা পাবে।
অন্যদিকে সামনে ১৮-১৯ মেগাওয়াট বিদ্যুৎ নিতে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি অনন্য ভূমিকা পালন করবে। দোহাজারী গ্রিড কর্তৃপক্ষ উক্ত বিদ্যুৎ দিলে গ্রাহক সংযোগ সার্বক্ষণিক চালু রাখা যাবে বলে তিনি জানান।
পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম-১ এর জিএম প্রকৌশলী মো. শাহ্জাহান তালুকদার জানান, আগামী মাসে লোহাগাড়া উপজেলার পদুয়ায় নবনির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন হবে। এ বিদ্যুৎ কেন্দ্র্রটির মাধ্যমে গ্রাহকরা সার্বক্ষণিক সুবিধা পাবেন। এমনকি গ্রাহকরা শেডিংয়ের আওতামুক্ত হবে বলে জানান তিনি।