‘যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে অবস্থার সঠিক প্রতিফলন হয়নি’

 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন উঠে আসেনি। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পুনর্বিবেচনা করে, দেশের সঠিক চিত্র তুলে ধরে প্রতিবেদনটি আবারো প্রকাশের আহ্বান জানাচ্ছি।
 
রবিবার তথ্য অধিদপ্তরে আয়োজিত বাংলাদেশকে নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত প্রতিবেদনের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
হাসানুল হক ইনু বলেন, প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এর জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।
 
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই-প্রতিবেদনটিতে করা এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপরাধ করলে তারা ছাড় পাচ্ছে না। বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হওয়া আট হাজার র‍্যাব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
 
সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেছে, সাংবাদিকতার কোনো কারণে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়নি। ভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।
 
তিনি বলেন, গণমাধ্যম এখন চাপের মুখে নেই। সরকারের সমালোচনা করার মতো সর্বকালের সবচেয়ে বেশি অধিকার ভোগ করছে সংবাদমাধ্যমগুলো।