নেত্রকোনায় পৃথক বজ্রপাতে নারীসহ নিহত ২

নেত্রকোনা জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
 
রবিবার সকালে জেলার বারহাট্টা ও মদন উপজেলায় বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নূরবানু (৪০) এবং মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের জয়পাশা গ্রামের নিয়ামতউল্লাহ (৩৫)।
 
পুলিশ জানায়, রবিবার সকালে বারহাট্টা উপজেলার পাইকপাড়া গ্রামের নূরবানু বাড়ির প্রয়োজনে ঝড় বৃষ্টির মধ্যেই ঘর থেকে বের হন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
অপরদিকে সকালে মদন উপজেলার তিয়শ্রীর জয়পাশা গ্রামের নিয়ামত উল্লাহ ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জামাল উদ্দিন (৩২), আনিছ (৩২), এখলাছ উদ্দিন (৩৫) ও সাহিন (২৮) এবং মদন উপজেলার বাসিন্দা সরল (২৩) আহত হন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।