মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও তার দেশের ৬৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছেন। একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে রবিবার এই বন্দীদের মুক্তি দেয়া হয়।
দেশটির প্রায় অর্ধ শতাব্দী পুরনো স্বৈরশাসনের অবসানের পর অং সাং সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। ক্ষমতায় আসার আগে স্বৈরশাসনের সময় গ্রেফতারকৃত রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সামরিক শাসনের আমলে এরা বন্দী হয়েছিলেন।
প্রেসিডেন্ট তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে এখন পর্যন্ত ৬৩ জনকে দায়মুক্তি দিয়েছেন। সেখানে আরো ২০ জনকে মুক্তি দেয়া হবে। তবে রাজনৈতিক বন্দীর তালিকায় ঠিক কতজন আছে তা নিশ্চিত করে জানা যায়নি।