নাগরিক সেবা আরো কম সময়ে, কম খরচে ও উন্নত উপায়ে জনগণের দোরগোড়ায় নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে রবিবার স্বাস্থ্য অধিদফতর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, জন্ম ও মৃত্যু নিবন্ধ প্রকল্প এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম Civil registration and vital statistics (CRVS) এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি সেবা প্রদানের জন্য আলাদা আলাদা তথ্য ভান্ডার তৈরি না করে বরং কেন্দ্রীয় তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে সহজে সেবা প্রদান সম্ভব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, 'সিআরভিএস-এর মাধ্যমে জনগণ যেমন উপকৃত হবে তেমনি সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত সম্ভব হবে।'
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব, নির্বাচন কমিশন সচিব ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।