পল্লবীতে পুলিশ হেফাজতে মৃত্যু : পাঁচ আসামির বিচার শুরুর আদেশ

 
রাজধানীতে পল্লবী থানা-পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন ওরফে জনির মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় ওই থানার তিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আগামী ১৬ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।
 
মামলার পাঁচ আসামি- পল্লবী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান মিন্টু, এএসআই রাশিদুল ইসলাম এবং পুলিশের সোর্স সুমন ও রাসেল। তাঁদের মধ্যে জাহিদুর কারাগারে। রাসেল পলাতক। বাকি তিনজন জামিনে আছেন।
 
২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি পল্লবী এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ইশতিয়াক হোসেনকে আটক করে পল্লবী থানায় নিয়ে যান থানার তৎ​কালীন এসআই জাহিদুরসহ কয়েকজন। তাঁদের নির্যাতনে ইশতিয়াক মারা যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ইমতিয়াজ হোসেন আদালতে নালিশি মামলা করেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। রবিবার আদালত তাঁদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।