ইমরানকে ‘সুবিধাবাদী’ আখ্যায়িত করে বর্জনের আহ্বান জয়ের

 
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের নিন্দা জানানোয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ‘সুবিধাবাদী’ আখ্যায়িত করে তাকে ফেসবুকের বন্ধু তালিকা থেকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীপুত্র রবিবার তার ফেইসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান।
 
জয় তার ফেসবুক পেজে লেখেন, ‘আমি আশাই করেছিলাম বিএনপি এটা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে। যদিও, আমি আশ্চর্য্য হয়েছি ইমরান সরকারের বিষয়ে। সম্ভবত শেষ পর্যন্ত তার আসল চেহারাটা উন্মোচিত হলো। এটা দেখে মনে হচ্ছে সে আমাদের বেশিরভাগ সুশীলের মতোই, আরেকটা সুবিধাবাদী এবং মিথ্যাবাদী। হয়তো বিএনপি তাকে পয়সা দিয়েছে। কে জানে।’
 
বক্তব্যের জন্য ইমরানকে ক্ষমা চাইতে হবে মন্তব্য করে জয় আরো লেখেন, ‘যেভাবেই হোক, আমি তার প্রতি সব শ্রদ্ধা হারিয়েছি। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে আমাদের সরকারের কাছে ক্ষমা চাইতে হবে।’
 
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আমার সকল বন্ধু এবং ভক্তদের কাছে আহ্বান জানাচ্ছি, যারা তাকে অনুসরণ করেন তারা তাকে ফেসবুক থেকে আনফলো/আনফ্রেন্ড করুন। সে একজন অপরাধীর হয়ে কথা বলছে, যে আমাকে হত্যার চেষ্টা করেছিলো।’
 

বিএনপি ঘনিষ্ঠ প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারের নিন্দা জানিয়ে শনিবার ইমরান তার ফেসবুক পেজে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি লিখেছিলেন, ‘৮১ বছর বয়সী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।’