পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের খান বাহাদুর শপিং মলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিমন (২১) নামে এক যুবক খুন হয়েছে।
 
রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিমন শহরের পৈলানপুর মহল্লার আবুল হাশেম নাসুর ছেলে। সে স্থানীয় হাজী আক্কেল টাওয়ার বিপনী কেন্দ্রের ডায়না ফ্যাসানের কর্মচারী।
 
পুলিশ জানায়, ঘটনার সময় খান বাহাদুর শপিং মলের সামনে দাঁড়িয়েছিলেন রিমন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত রিমনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা, কি কারণে রিমনকে হত্যা করেছে সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।