পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিমন হোসেন (২২) শহরের পাওয়ার হাউজ পাড়ার আবুল হাশেমের ছেলে। তিনি ডায়না ফ্যাশন নামের একটি দোকানের কর্মচারী ছিলেন।
 
রবিবার রাতে শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
জানা গেছে, রাত নয়টার দিকে নিউ মার্কেট এলাকার নিজ কর্মস্থলের সামনে দাঁড়িয়ে ছিলেন রিমন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তার চিৎকারে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।