মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসানের (২১) জেলখানায় মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
 
সোমবার দুপুরে উপজেলা মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলের নেতৃত্বে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ ও সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু। এ সময় তারা আসিফের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেন।
 
এর আগে দুপুরে উপজেলা মোড় আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় ছাত্রলীগ নেতা আসিফের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কাসেম, প্রফেসর গিয়াস উদ্দিন, রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী প্রমুখ।
 
উল্লেখ্য, প্রতিপক্ষের হামলায় ১২ এপ্রিল আহত হন ছাত্রলীগ নেতা আসিফ। পরে একটি মামলায় পুলিশ তাকে কারাগারে পাঠায়।  রবিবার সকালে তিনি মারা যান।