সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি ব্যবসা অনুমোদন

ইউনূস সেন্টারের আয়োজনে গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে সোমবার সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। সোমবারের ল্যাবে ৬টি নতুন 'নবীন উদ্যোক্তা' ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয়। সবগুলো ব্যবসাকেই অর্থায়নের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
 
যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, বেলজিয়াম ও ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আগত বহু বিদেশী অভ্যাগতসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে অংশ নেন।
 
অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টিভ হলিংওয়ার্থ এবং মালয়েশিয়ার শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের যুব সংগঠন 'মাইহারাপান' এর সাত সদস্যের একটি প্রতিনিধিদল।
 
নোবেলবিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, জানুয়ারি ২০১৩-এ ল্যাব শুরু হবার পর এ পর্যন্ত ৪,৬৫৪টি প্রকল্প ডিজাইন ল্যাবে বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে।