কেসিসির বরখাস্তকৃত মেয়র মনি জামিনে মুক্ত

সাময়িক বরখাস্ত হওয়া খুলনা সিটি করপোরেশনের  (কেসিসি) মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জামিনে মুক্তি পেয়েছেন।
 
তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায়  সোমবার বিকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
 
২০১৩ সালের একটি মামলায় গত ২৩ মার্চ সিটি মেয়র মনিরুজ্জামান মনি খুলনা মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। পরবর্তীতে তাকে আরও ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
 
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিতকরে বলেন, মনিরুজ্জামান মনি গত সপ্তাহে উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পান। কাগজপত্র পরীক্ষা শেষে সোমবার বিকালে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এই সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ নভেম্বর নগরীর পাওয়ার হাউস মোড়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মনিরুজ্জামান কারাগারে যান। পরে তাকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়।