ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু হতাহতের শঙ্কা

ভূমধ্যসাগরে অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবিতে বহু মৃত্যুর আশংকা করা হচ্ছে। বেঁচে যাওয়া ৪১ জন বিবিসিকে জানিয়েছেন কমপক্ষে ৫০০ অভিবাসন প্রত্যাশী নৌকা ডুবিতে মারা গেছে, যদিও সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
 
বেঁচে যাওয়া ৪১ শরণার্থীকে গ্রিসের কালামাতা শহরে নেওয়া হয়েছে। সেখানে ইথিওপিয়া, সোমালিয়া, সুদান ও মিশরের নাগরিক রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
 
জানা গেছে, লিবিয়া থেকে ইতালিতে রওনা হয়েছিল অভিবাসীরা। লিবিয়ার তোবরুক বন্দর থেকে ২৪০ জন যাত্রী সহ তারা রওনা হয়েছিল বলে জানিয়েছে। ভূমধ্যসাগরে আসার পরে তাদের আরো একটি বড় নৌকায় নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকেই ৩০০ অভিবাসী প্রত্যাশী।  এর পরেই প্রায় পাঁচ শতাধিক অভিবাসী প্রত্যাশী বহনকারীসহ নৌকাটি ডুবে যায়। 
 
সোমালিয়ার প্রেসিডেন্ট ও স্বঘোষিত রিপাবলিক অব সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট শরণার্থীদের মৃত্যুর খবরে সমবেদনা প্রকাশ করেছে। মিশরে সোমালিয়ার রাষ্ট্রদূত জানিয়েছে, কমপক্ষে ৪০০ অভিবাসী প্রত্যাশী মারা গেছে। তবে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা এত মৃত্যুর খবরে দ্বিমত প্রকাশ করেছে। একটি টুইটার পোস্টে বলেছে, নৌকাডুবে শতাধিক মৃত্যুর খবরটি সঠিক নয় বলে উল্লেখ করেছে তারা।
 
গত বছরের এপ্রিলে এই ভূমধ্যসাগরেই নৌযান ডুবিতে প্রায় ৮০০ অভিবাসীর প্রাণহানি ঘটে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার অভিবাসী ঝুঁকি পূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে। এর মধ্যে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে।বিবিসি।