আশুলিয়ায় কারখানার ‘খাবার খেয়ে’ ২৫ শ্রমিক অসুস্থ

সাভারের আশুলিয়ার অন্তত ২৫ পোশাক শ্রমিক রাতের খাবার শেষে  অসুস্থ হয়ে পড়েছেন।
 
সোমবার রাতে গণকবাড়ী এলাকার ‘অলি নিটওয়্যার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ এসব শ্রমিক আশুলিয়া পল্লীবিদ্যুত এলাকার গণি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
ওই কারখানার অন্য শ্রমিকরা জানান,  রাতের পালায় কাজের সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ডিম, রুটি ও কলা খেতে দেয়। খাওয়ার পর তাদের অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। কারো কারো বমি হয়। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশও রাতে ওই কারখানায় যায়।
 
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘সবাই বিকালের মধ্যে বাড়ি যেতে পারবেন।’
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।