‘সুলতান’ ছবির শুটিং চলাকালীন আবারও এক ফটো-সাংবাদিককে অপমান করেছেন সালমান খান। এর আগেও বেশ কয়েকবার ফটো-সাংবাদিকদের অপমান করেন এই তারকা। সর্বশেষ ‘কিক’ ছবির প্রচারের সময় এমন ঘটনা ঘটে।
ইন্ডিয়া টুডে’র এক খবরে প্রকাশ, ‘সুলতান’-এর সেটে উপস্থিত ছিলেন ওই ফটোগ্রাফার এবং লুকিয়ে সালমানের ছবি তুলছিলেন। এটা সালমানের দেহরক্ষীদের চোখে পড়ে যায়। তারা তা সালমানকে জানান।
সালমান ডেকে পাঠান ওই ফটোগ্রাফারকে। তারপর সেই ফটোগ্রাফারকে যথেষ্ট অপমান করেন। তার পিছু নেওয়া বন্ধ না করলে তার ফল ভাল হবে না বলেও ওই ফটোগ্রাফারকে হুমকিও দেন।
‘সুলতান’-এর প্রোডাকশন হাউসের পক্ষ বলা হয়েছে, আসলে নিজের আসন্ন ফিল্মে এক কুস্তিগিরের ভূমিকায় সালমানকে কেমন দেখাচ্ছে সেই বিষয়টি আপাতত গোপনই রাখতে চাইছেন নায়ক। তা সত্ত্বেও কিছুদিন আগে সালমানের ‘সুলতান-লুক’ ফিল্মের সেট থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই সালমান সংবাদমাধ্যমের উপর যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রয়েছেন। ওই ফটোগ্রাফারের সঙ্গে সালমানের দুর্ব্যবহার সালমানের সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।