পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া গ্রামে হাসিবুল ইসলাম ওরফে রফিকুল (৪৬) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জমসের আলী (৪৫) নামে অপর এক ব্যক্তি।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ওরফে রফিকুল উপজেলার মাড়েয়া ইউনিয়নের শুকুর আলীর ছেলে। বর্তমানে তিনি নগর সাকোয়া এলাকায় বসবাস করতেন। আহত জমসের আলীর বাড়ি নগর সাকোয়ায়। সে ওই এলাকার তমিজ উদ্দীনের ছেলে।
সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ জানান, রাতে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত ঘটলে হাসিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আর ভুট্টা ক্ষেত পাহারা দেয়ার সময় জমসের আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।