বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় সহযোগিতা দিতে চায় বেসিস

বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় সহযোগিতা দিতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সংশ্লিষ্ঠ বিষয়ে দক্ষ ও আন্তর্জাতিকমানের সেবাপ্রদানকারী বেসিস সদস্য কোম্পানিগুলোর মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। এছাড়া দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে। 
 
সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বেসিস সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বেসিস প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস. এম. মনিরুজ্জামান, বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল ও কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ।
 
বৈঠকে বেসিসের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- প্রস্তাবিত ইইএফ-এর খসড়া নীতিমালায় বেসিসের প্রস্তাবনা সম্ভব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তকরণ, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন কেনাকাটার জন্য চালু হওয়া ভার্চুয়াল কার্ডের প্রাপ্তিতে ইন্টারনেট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজকেও যুক্ত করা, তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি ‘আইসিটি এসএমই তহবিল’ গঠন করে তাতে ন্যূনতম ২০০ কোটি টাকার বরাদ্ধ দেয়া ও সুদের হার সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং আইটি/সফটওয়্যার কোম্পানির বৈদেশিক লেনদেনের পরিমাণ বছরে ২০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলারে উন্নীত করা।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেসিসের এসব প্রস্তাব গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ঠ বিভাগকে অবহিত করেন। তিনি আগামীতে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন কমিটি ও কার্যক্রমে বেসিসকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন।