জিয়া চ্যারিটেবল ট্রাস্ট: খালেদা জিয়ার আবেদনের শুনানি বুধবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের বুধবারের কার্যতালিকায় আসবে।
 
মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উত্থাপন করা হয়। খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আবেদনটি উত্থাপন করেন। বুধবারের কার্যতালিকায় আবেদনটি আসবে বলে জানান আদালত।
 
সোমবার খালেদা জিয়ার পক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে আবেদনটি জানান তার আইনজীবী। একই সঙ্গে তার করা দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেয়া আদেশের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানিয়েছেন খালেদা জিয়া।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু’টি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।