চলতি গ্রীষ্ম মৌসুমে ল্যাটিন আমেরিকা থেকে জিকা ভাইরাস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, বৈশ্বিক উষ্ণতা মশাবাহী এই রোগের বিস্তার ঘটাতে পারে।
আগামী সপ্তাহে প্যারিসে জিকা গবেষকদের একটি বড় সমাবেশের আগে তারা এই সতর্কবাণী করে বলেন, তাপমাত্রা বৃদ্ধি একটি নয় বিভিন্ন ক্ষেত্রের জন্য একটা হুমকি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ মোরিতজ ক্রেমার বলেন, জলবায়ু পরিবর্তন মশার বিস্তারে ভূমিকা রাখছে।
তিনি দুটি উষ্ণ আবহাওয়ার ২০১৫ প্রজাতি নিয়ে একটি গবেষণার প্রধান লেখক ছিলেন। উভয় প্রজাতি সাম্প্রতিক দশকগুলোতে বিস্তার লাভ করেছে এবং মানবদেহে বিভিন্ন রোগ সংক্রমণের জন্য পরিচিত।
‘পীত জ্বরবাহী’ মশা হিসেবে পরিচিত এডিস এজিপটি ২০১৪ সাল থেকে ব্রাজিল, কলাম্বিয়া ও লাতিন আমেরিকার অন্যান্য অংশে জিকার প্রধান বাহক এবং এই অঞ্চলে কয়েক লাখ লোক জিকায় আক্রান্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
দ্বিতীয় যে প্রজাতি নিয়ে গবেষণা করা হয়েছে তা হলো, এডিস অ্যালবোপিকটাস। এটা বিশ্বের উষ্ণমন্ডলীয় এলাকায় পাওয়া গেছে।
উত্তর গোলার্ধে গ্রীষ্ম মৌসুমে মশক শ্রেণি খুবই সক্রিয় থাকে। প্রত্যেক শীতে এরা উধাও হয়ে যায়।
ইনস্টিটাট পাস্টিউরের ভাইরাসবিদ আনা-বেলা ফেইলাক্স বলেন, আগামী গ্রীষ্মে ইউরোপে আমরা জিকা ভাইরাস দেখার হুমকির মধ্যে রয়েছি। খবর: এএফপি।