তনু হত্যার বিচার দাবিতে পথনাটক ‘ধিক্কার’ প্রদর্শিত বুধবার

সাংস্কৃতিকর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে পথনাটক ‘ধিক্কার’।
 
বুধবার বিকাল ৪টায় ক্যাম্পাসের কাঁঠালতলায় এ নাটকটি প্রদর্শিত হবে। সাংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যার একমাস পূর্তিতে বুধবার নাটকটি প্রদর্শিত হচ্ছে। তনু হত্যার বিষয় নিয়ে পথ নাটক ‘ধিক্কার’ রচনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নওশাদ আহমেদ।
 
নাটকটির রচয়িতা নওশাদ বলেন, এই নাটকটি প্রদর্শন করার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিবেককে নাড়া দেয়া। তনু হত্যার এতো দিন হয়ে গেল কিন্তু হত্যাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি প্রশাসন। নাটকটিতে দেখানো হবে মেয়ে হারানো তনুর মায়ের আর্তনাদ, বাবার বুকের হাহাকার, ভাইয়ের বুক ফাঁটা কান্না। সবকিছু মিলে সমাজের মানুষকে সচেতন করাটাই নাটকটির লক্ষ্য।
 
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের একমাস হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।