মুন্সীগঞ্জে চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে কারারক্ষী মাসফিকুজ্জামান (৩২) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের আয়কর ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। টহল পুলিশ তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান ।
কারাসূত্রে জানা গেছে, নিহত মাসফিকুজ্জামান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গুরী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে। জেল সুপার মোস্তাফিজুর রহমান জানান, তিনি গত ৬ মাস আগে শরীয়তপুর জেলা কারাগার থেকে সাময়িক বরখাস্ত অবস্থায় মুন্সীগঞ্জ কারাগারে (সংযুক্ত) যুক্ত হন। তবে তিনি কারারক্ষীর কোনো দায়িত্ব পাননি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুছ আলী জানান, নিহত কারারক্ষীর চুরি করার অভ্যাস ছিল। শরীয়তপুর কারাগারে থাকাকালীন এরকম চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সোমবার রাতে চুরি করতেই আয়কর ভবনে গিয়েছিল। কিন্তু আয়কর ভবনের দারোয়ান তাকে দেখে ফেলায় তিনি দৌঁড়ে ছাদে ওঠেন। এ সময় ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নামতে গিয়ে নীচে পড়ে যায়। পরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আয়কর ভবনের প্রহরী মিজানুর রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছে। অপরদিকে কারারক্ষীর মৃতুতে পুলিশ একটি অপমৃত্যু মামলা দাখিল করেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়নাতদন্ত করা হচ্ছে।