প্রতিবন্ধীদের জন্য জাতীয় বাজেটে এক শতাংশ বরাদ্দ রাখার সুপারিশ

আগামী ২০১৬-২০১৭ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য মোট বরাদ্দের থেকে কমপক্ষে এক শতাংশ রাখার জন্য সুপারিশ করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের উন্নয়ন অধ্যায়ন বিভাগে আয়োজিত 'প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৬-২০১৭' শীর্ষক এক পরামর্শ সভায় বক্তাগন এসব কথা বলেন।
 
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর ফর বাজেট এন্ড পলিসি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ যৌথভাবে এই সভার আয়োজন করে। উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম আবু ইউসুফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজি রোজী। উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় কমিটি।
 
প্রধান অতিথি সংসদ সদস্য কাজি রোজী বলেন, 'প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য আইন প্রনয়ণ করেছে। প্রতিবন্ধীদের সমাজের দায় নয় তাদেরকে সম্পদ হিসাবে বিবেচনা করছেন সরকার।' প্রতিবন্ধীদের জন্য আগামী সংসদে বাজেটে কমপক্ষে ১ শতাংশ বরাদ্দ রাখার ব্যাপারে তিনি কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন।
 
এ সময় তিনি আরও বলেন, 'বাংলাদেশের ১৮ লাখ প্রতিবন্ধীর জন্য প্রতিবন্ধীবান্ধব বাজেট প্রনয়ণ করতে হলে খাত ভিত্তিক ও উন্নয়ণ সূচক ভিত্তিক বাজেট বরাদ্দ দিতে হবে।'
 
সভায় মুক্ত আলোচনায় বক্তাগন বাজেট প্রনয়নে প্রতিবন্ধীদের মতামত গ্রহনের দাবি জানান। সরকারের ১১টি মন্ত্রনালয়ের ৯২টি চলমান প্রকল্পে প্রতিবন্ধী বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।