ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৬। মঙ্গলবার শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৪ মে পর্যন্ত।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর মো. নিয়ামুল হক (হেড অব সার্ভিস) ও ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) রবিউল আলম ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোস্তাফা কামাল, তাবিউর রহমান পালোয়ান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম-সম্পাদক-১ এ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল ও যুগ্ম-সম্পাদক-২ মো. আজিজুর রহমান, লিগ কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী দিনে মুখোমুখি হয় বাংলাদেশ জেল ও নবজাগরনী সংঘ। খেলায় বাংলাদেশ জেল ২৫-১৭, ২৫-১৮ এবং ২৫-১৬ পয়েন্টে (৩-০ সেটে) নবজাগরনী সংঘ ক্লাবকে পরাজিত করে।
ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগের এবারের আসরে অংশ নিয়েছে ৯টি দল। দলগুলো হল- বাংলাদেশ জেল, ইস্ট এন্ড ক্লাব, নবজাগরনী সংঘ, উত্তরা স্পোর্টিং ক্লাব, মাদারটেক মিতালী সংঘ, শাহবাগ স্পোর্টিং ক্লাব, সাবলম্বী সোসাইটি ক্লাব, ভাই ভাই সংঘ ও সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হবে। আর একটি দল রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাবে। ওয়ালটন প্রথম বিভাগ ভলিবল প্রতিযোগিতার একজন সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।