নাটোরে বাস চাপায় ব্র্যাকের ২ কর্মকর্তা নিহত

 
নাটোরের সিংড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। রাজশাহী থেকে রংপুরগামী দিবারাত্রী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনার পর পালিয়ে গেছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার বামিহাল অফিস থেকে দুইজন কর্মকর্তা সিংড়া সদরের একটি ব্যাংকে টাকা জমা দিতে যান। টাকা জমা দিয়ে বিকেল সাড়ে চারটার দিকে অফিসে ফেরার সময় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। রাজশাহী থেকে রংপুরগামী দিবারাত্রী পরিবহনের বাসটি পিছন থেকে তাদের চাপা দিলে বাসের সাথেই মোটর সাইকেলসহ তারা আটকে যায়। প্রায় আধা কিলোমিটার গিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
 

ব্র্যাকের সিংড়া সদরের ব্যবস্থাপক মো. জিয়াউল হক জানান, নিহত ইসমাইল হোসেন (২৮) ব্র্যাকের সিংড়া উপজেলার বামিহাল অফিসের প্রোগ্রাম সহকারী ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পৃথালিতলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হাবিবুর রহমান (৪১) একই অফিসের হিসাব কর্মকর্তা ও গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে।