অতিরিক্ত বৃষ্টিপাতে হিউস্টনে নিহত ৫, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের হিউস্টনে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এজন্য শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।
 
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার একদিনেই হিউস্টনে ৪৪ দশমিক সাত সেন্টিমিটার (১৭ দশমিক ছয় ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। একদিনে রেকর্ড পরিমাণ এ বৃষ্টিপাতকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন দেশটির জাতীয় পর্যায়ের আবহাওয়াবিদরা।
 
ব্যাপক এ বৃষ্টিপাতে হিউস্টনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানি তীর ছাপিয়ে শহরতলীতে প্রবেশ করেছে। বাড়তে থাকা বন্যার পানি থেকে এক হাজার ২০০ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শহরটির প্রায় ৭০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
 
শহরের অন্ততপক্ষে এক হাজার বাড়ি বন্যাকবলিত হয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় সংখ্যাটি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শহর কর্তৃপক্ষ বিশাল একটি বিপণী বিতানকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে।
 
দ্রুত প্রবাহমান বন্যার পানির মধ্যে গাড়ি না চালানোর জন্য লোকজনকে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি পানিতে সাপ ও পিঁপড়া থাকার সম্ভাবনায় শিশুদের বন্যার পানিতে খেলা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
শহরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে দরিদ্র হিস্পানিক এলাকা গ্রিনপয়েন্ট অন্যতম। এলাকাটিতে সোয়া লাখের মতো লোকজন বসবাস করে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে গ্রিনপয়েন্টের বাসিন্দাদের বাতাস ভর্তি তোষকের উপর শিশুদের নিয়ে জিনিসপত্র গুটিয়ে এলাকা ছাড়তে দেখা গেছে। একটি পরিবারকে ফ্রিজের ভিতরে আশ্রয় নিয়ে পানিতে ভেসে থাকতে দেখা গেছে।