শফিক রেহমান ও মাহমুদুর রহমানের যথাযথ বিচার হওয়া উচিত: ওমর ফারুক

 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘এফবিআই তদন্তে প্রমাণিত সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা যড়যন্ত্রীকারী। এদের যথাযথ বিচার হওয়া উচিত।’
 
 
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১১নং ওয়ার্ডের (শাহজাহানপুর) ত্রি-বার্ষিক কাউন্সিলে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত না করলে জাতি ভয়ংকর সংকটে নিপতিত হবে । দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদেরকে শক্তহাতে মোকাবেলা করে জাতিকে সংকট ও সংশয়মুক্ত করতে যুবলীগ নেতাকর্মীদেরকে অতন্দ্র প্রহরীর মতো সর্বদা সতর্ক থাকতে হবে।
 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান,  সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূইয়া, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।