শিক্ষার্থীকে কুপ্রস্তাব: জবি'র তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদ

ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটি।
 
এছাড়া একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষাকার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া অপর দুই শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার দফতরে প্রায় চার ঘন্টা ধরে কয়েক দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
 
জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি ট্রেজারার অধ্যাপক ড. মো সেলিম ভূইয়া বলেন, 'অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষ থেকে অনেক তথ্য বের হয়ে এসেছে। তদন্তের স্বার্থে আবারো জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়াও গোপনীয়তার স্বার্থে তদন্তের অগ্রগতি সম্পর্কে বলতে রাজি হননি তিনি।'
 
জানা যায়, গত ১১ এপ্রিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী একই বিভাগের শিক্ষক রাজীব মীরের বিরুদ্ধে যৌন হয়রানি ও হুমকির অভিযোগের ফোনের রেকর্ডসহ জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে লিখিত দেন। পরদিন এ অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জবি প্রশাসন।
 
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন এলাকায় শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, 'বিভাগের নবীণবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তিন শিক্ষককে মাস্টার্সের পাঠদান থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিভাগের নেয়া ভুল সিদ্ধান্তকে যৌক্তিক করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করানো হয়েছে। যা ভিত্তিহীন ও মানহানিকর।'