'হত্যা-সন্ত্রাসের বিচার প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে নয়'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'একাত্তরের গণহত্যা, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা, একুশে আগস্টের গ্রেনেড হামলা ও আগুন সন্ত্রাসের বিচার কোনো প্রতিপক্ষকে ঘায়েল বা ভিন্নমত দমন নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে কলংকমুক্ত করারই প্রক্রিয়া।'
 
'মাঠের খুনির সাথে নির্দেশদাতা ও ষড়যন্ত্রকারীও সমান অপরাধী এবং এদের কারোই বিচারের হাত থেকে রেহাই নেই' বলে উল্লেখ করেছেন তিনি।
 
তথ্যমন্ত্রী মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে 'বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন ন্যাশনাল সিকিউরিটি এনকাউন্টার টেরোরিজম' বেসরকারি সংস্থা কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
আয়োজক সংস্থার চেয়ারম্যান ওয়ালি-উর-রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
 
উক্ত সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, 'পঁচাত্তর-পরবর্তীকালে জিয়াউর রহমান রাজনীতিতে অপরাধীদের জায়গা করে দেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি ও মহিমান্বিত করার মধ্যদিয়ে রাজনীতিতে দুর্বৃত্তায়ন করেন। বেগম খালেদা জিয়াও অপরাধীদের রক্ষার অপসংস্কৃতি অব্যাহত রাখেন এবং আগুন সন্ত্রাসে নেতৃত্ব দেন।'
 
'গণতন্ত্রে অপরাধীদের জায়গা নেই' উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, 'শেখ হাসিনার সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে কলংকমুক্ত করার যে প্রক্রিয়া হাতে নিয়েছেন তা রাজনীতিতে দুর্বৃত্তায়নের অপসংস্কৃতি থেকে দেশকে মুক্তি দেবে। কারণ, যতদিন অপরাধীদের দায়মুক্তির অপচর্চা থাকবে, ততদিন অবিচার-সন্ত্রাস চলতে থাকবে।'