নওগাঁয় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্রাইয়ের পুরাতন রেলস্টেশনের পাশে ভুট্টা ক্ষেত থেকে  মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, আত্রাইয়ের পুরাতন রেলস্টেশনের পাশে সন্ধ্যায় ভুট্টা ক্ষেতে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
 
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল সোমবার রাতে বা আজ সকালে কোন এক সময় বৃদ্ধা মারা যান। মরদেহে একটু গন্ধ হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আগামীকাল বুধবার ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।