ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অপহৃত কলেজছাত্র সোহানুর রহমান সোহান ( ১৭ ) এর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার চন্নাতলা মাঠে। বুধবার সকালে চুয়াডাঙ্গা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সোহানুর রহমান সোহান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোহসিন আলির ছেলে ও শহীদ নুর আলি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
মহসিন আলি গত রবিবার ঝিনাইদহ প্রেসক্লারে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, ১০ এপ্রিল তার অসুস্থ স্ত্রীর ঢাকা থেকে বাড়ি ফেরার কথা ছিল। সোহান তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে গ্রামের রাস্তার পাশে জামতলায় মায়ের জন্য দুই ভাই অপেক্ষা করছিল। বিকাল ৫টার দিকে অপরিচিত ৪ জন লোক ইজিবাইক যোগে এসে সোহানকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান মিলেনি। কালীগঞ্জ থানাতে একটি জিডি করা করা হয়েছিল। ঘটনার ১০ দিন পর তার লাশ পাওয়া গেল।
চুয়াডাঙ্গা থানার ওসি সহিদুর রহমান জানান, চন্নাতলা গ্রামের মাঠে একটি লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোহানের বাবা থানাতে একটি জিডি করেছিলেন। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছিল।
১৩ এপ্রিল যশোর সদর উপজেলার কালুখালী শ্মশান খেকে কালীগঞ্জ থেকে অপহৃত পৌর শিবির সভাপতি আবুজার গিফারি ও শিবির সদস্য শামিম মাহমুদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ১৮ মার্চ দুপুরে চাঁপালী গ্রামের বাড়ির সামনে থেকে অবুজার গিফারিকে ও ২৪ মার্চ বিকালে কালীগঞ্জ কলেজের পাশ থেকে শামীমকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোষাকে কয়েকজন মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তারপর থেকে তারা নিখোঁজ ছিলেন।