তনু হত্যা ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তনু হত্যা ও রির্জাভ চুরির ঘটনা ধামাচাপার জন্যই শফিক রেহমানকে গ্রেফতার করেছে সরকার। এর আগে বিডিআর হত্যা, শেয়ার বাজার ধ্বংস, ডেসটিনি দুর্নীতি, ব্যাংক লুট সর্বশেষ তনু হত্যা ব্যাংকের রির্জাভ চুরির ঘটনা ঘটিয়েছে সরকার।
তিনি বলেন, শফিক রেহমানের মামলা সর্ম্পকে সরকারের পুলিশ ও সরকার প্রধান যেটা জানিয়েছেন তাতে অভিযোগ অত্যন্ত গুরুতর। আমরা যতদূর জেনেছি তাতে শফিক রেহমান জয় অপহরণ ও হত্যার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। মাহমুদুর রহমানও জড়িত নয়। গতকাল তারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করে ২০ দলীয় জোট করেছি। এই জোটের পরিধি আরো বাড়াতে চাই। বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে সবাইকে এই আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে চাই।
এসময় ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহার প্রমুখ উপস্থিত ছিলেন।