ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঠেকাতে দিন পনেরো আগে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যোগ করে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপকে অনুসরণ করে এবার এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করেছে এর অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাইবার।
আজ বুধবার এক ঘোষণায় ভাইবার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে তারা নিজেদের ব্যবহারকারীদের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা দেবে। ভাইবারে ওয়ান-টু-ওয়ান কনভার্সেশন, গ্রুপ মেসেজ এবং ক্রস-প্ল্যাটফর্ম মেসেজে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের ডিভাইস থেকে বার্তা এনক্রিপ্টেড অবস্থায় পাঠানো হয়, যা শুধু প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ বার্তাটি হাতে পেলেও পড়তে পারে না। অর্থাৎ এই সেবায় প্রেরকের পাঠানো বার্তা একমাত্র প্রাপকের ডিভাইসে বোধগম্য অবস্থায় পাওয়া যায়। এতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বা কোনো সাইবার অপরাধী চক্র প্রেরকের পাঠানো বার্তা পড়ার সুযোগ পায় না।
ভাইবার চ্যাটের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। নতুন সেবা কেবল ব্রাজিল, বেলারুশ, ইসরাইল ও তাইল্যান্ডের ভাইবার ব্যবহারকারীরা পাবেন। তবে অন্যান্যদেরও হতাশ হওয়ার কিছু নেই। আগামী সপ্তাহ থেকে সবাই এই সেবা পাবেন।
এজন্য গ্রাহকদের স্মার্টফোনে ইনস্টল থাকা ভাইবার অ্যাপটিকে হালনাগাদ করে নিতে হবে অথবা নতুন করে ইনস্টল করতে হবে ভাইবারের সর্বশেষ সংস্করণ ‘ভাইবার ৬.০’।
এন্ড-টু-এন্ড এনক্রিপশনে শতভাগ নিরাপদ হয়ে উঠে অ্যাপ। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে অ্যাপ কর্তৃপক্ষ চাইলেও প্রবেশ করতে পারে না। সূত্র- টেকক্রাঞ্চ ও নিউজ ফ্যাক্টর।