একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বেগম (৩৫)। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
অস্ত্রোপচার করেন সহকারী অধ্যাপক ডাঃ সিরাজুম মুনিরা ডেইজী। তিনি বলেন, আরজিনাকে গতকাল বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে স্বাভাবিক প্রসব না হলে অস্ত্রোপচার করা হয়। পাঁচসন্তানের মধ্যে তিনজন পুত্র ও দুইজন কন্যা সন্তান রয়েছে। সব শিশুই সুস্থ রয়েছে। তবে একটি শিশু কিছুটা দুর্বল হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, গতকাল প্রসববেদনা শুরু হলে আরজিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টার পর গাইনি চিকিত্সক সিরাজুম মুনিরা ডেইজির নেতৃত্বে একদল চিকিত্সক সফল অস্ত্রোপচার করেন এবং একে একে জন্ম লাভ করে পাঁচটি ফুটফুটে শিশু সন্তান।
এদিকে দীর্ঘ একযুগ পর এক সাথে পাঁচসন্তানের পিতা হয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে সিরিকুল শেখ।
পাঁচ সন্তানের মা আরজিনা বেগমের সাথে কথা হলে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, বিয়ের ১২ বছর কেটে গেলেও কোন সন্তানের মুখ দেখিনি। সন্তানের আশায় অনেক চিকিত্সকের স্মরণাপন্ন হয়েছি। অবশেষে আল্লাহর অশেষ রহমতে এক সাথে পাঁচসন্তানের মা হলাম।