চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট একটি বন্যহাতি মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত একটা দিকে উপজেলার ধর্মপুর অদ্দার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পাঁচ টন ওজনের বিশাল বন্যহাতিটি মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্সুক জনতা দেখার জন্য ভিড় জমায়। বুধবার সকালে স্থানীয় বন বিভাগের লোকজন এসে মৃত হাতিটি ময়নাতদন্তের কাজ শুরু করে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, রাতের বেলায় ১৪টি বন্যহাতির ধান ও সবজি খেত খাওয়া জন্য এলাকায় নেমে আসে। খেতের মাঝপথে একটি গ্রামীন সড়ক আছে। সড়কের উপর রয়েছে বৈদ্যুতিক খুঁটিতে তারের লাইন। হাতির পাল খেত থেকে সড়ক পাড় হয়ে অন্য খেতে যাওয়ার সময় হাতিটির গায়ে ধাক্কা লেগে খুঁটিটি ভেঙে যায়। এতে তার হাতির পিঠে আটকে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর জানান, হাতিটি বিদ্যুত্স্পৃষ্ট হলে গভীর রাতে বিকট শব্দে চিত্কার দেয়। এসময় চারদিক থেকে লোকজন টর্চ লাইট নিয়ে বের হলে হাতিটিকে বৈদ্যুতিক তারে আটকে থাকতে দেখে।
যোগাযোগ করা হলে ধর্মপুর ইউপি চেয়ারম্যন মো. ইলিয়াছ চৌধুরী বলেন, বন্যহাতি মারা যাওয়ার খবর শুনে, স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ্ জানান, স্থানীয় বন বিভাগকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ময়না তদন্তের ব্যবস্থা করতে বলা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দিন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বন্যহাতি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, থানায় জিডি করা হয়েছে। উপজেলা ভ্যাটেনারী সার্জনকে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
দোহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বন্যহাতি মারা যাওয়ার খবর পেয়েছি। ভাঙা খুঁটি ও ছিঁড়ে যাওয়া তারের লাইন মেরামতের কাজ চলছে।