আন্তরাষ্ট্রীয় ডাকাত দলের হামলায় ইথিওপিয়ায় ২০৮ জন নিহত হওয়ার ঘটনায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সুদান থেকে প্রবেশ করা এই ডাকাত দল অন্তত ১০০ শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে।
ইথিওপিয়ার পার্লামেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, বুধবার ও বৃহস্পতিবার দেশজুড়ে ও বিদেশে কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তবে অপহৃত শিশুদের ভাগ্যে কি ঘটেছে তা জানাতে পারেনি দেশটির সরকার।
গত সপ্তাহে দক্ষিণ সুদান থেকে আন্তরাষ্ট্রীয় ডাকাতদল ইথিওপিয়ার পশ্চীমাঞ্চল দিয়ে ভেতরে ঢুকে তিনটি জেলায় তাণ্ডব ও লুটপাট চালায়। ইথিওপিয়ার ওই এলাকাটিতে দক্ষিণ সুদানের দুই লাখ ৮০ হাজারর শরণার্থী রয়েছেন। সূত্র: আল জাজিরা