অস্ট্রেলিয়ায় রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করলেন অণিমা রায়

অস্ট্রেলিয়ার ব্রিজবেন ও ক্যানবেরায় রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করলেন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়।
 
এটিএন ক্যানবেরার আয়োজনে ব্রিজবেন ও ক্যানবেরায় কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে যোগ দিতে অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে গত ৪ এপ্রিল দেশ ছাড়েন অণিমা রায়। রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করে ১১ এপ্রিল দেশে ফেরেন তিনি। প্রায় ২ দশক ধরে রবীন্দ্রসঙ্গীতের সাধনা করছেন অণিমা রায়। এরই মধ্যে তিনি বাংলাদেশের পাশাপাশি ভারত ও সিঙ্গাপুরে রবীন্দ্র সঙ্গীতে শ্রোতাদের মন জয় করেছেন। এবার অস্ট্রেলিয়া জয় করলেন নিজের সুরের ছটায়। এ সময় তার সঙ্গে ছিলেন নজরুলগীতি শিল্পী ইয়াসমিন মুশতারি।
 
 
সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ডের আয়োজনে ব্রিজবেনের অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল- বরিষ ধরা মাঝে শান, সখী ভাবনা কাহারে বলে, এরা সুখেরও লাগি ইত্যাদি। এটিএন ক্যানবেরার আয়োজনে অণিমার পরিবেশনায় ছিল- ও আমার দেশের মাটি, আমি কান পেতে রই, মাঝে মাঝে তব দেখা পাই ইত্যাদি।  আশিক হোসেন, তারেক সাফা ও নিউটন মুহুরি উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
IMG0
 
অস্ট্রেলিয়ায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘দেশের বাইরে গান গাইবার আনন্দ অন্যরকম। কারণ তারা মূলত দীর্ঘদিন ধরে প্রতিক্ষা করে এরকম একটি বাংলা অনুষ্ঠানের। প্রায় প্রত্যেকেই নিজ নিজ জব শেষে সন্ধ্যার ক্লান্তি ভুলতে চেয়েছে রবীন্দ্রনাথের গানে। একের পর এক গানের অনুরোধে কখন যে সময় চলে গেছে বুজতে পারিনি। প্রত্যেক শিল্পীই চান অডিয়েন্স যেন শিল্পীর গানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সেই বিষয়টা ছিল ব্রিজবেন এবং ক্যানবেরার অনুষ্ঠানে।
 
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন লুনা, তবলায় ছিলেন অভিজিৎ দাস, কীবোর্ডে ছিলেন সাইদ মোহী, মন্দিরাতে অ্যান্থনি অমিত, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন জুয়েল।