ফরিদপুর থেকে অপহৃত ৩ শিশু রাজশাহীতে উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বুদ্ধিমত্তায় উদ্ধার হলো ফরিদপুর থেকে অপহৃত তিন শিশু।
 
মেডিকেল শিক্ষার্থীদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশ গত মঙ্গলবার রাতে তিন শিশুকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হওয়া শিশুরা হলো- ডালিম (১২), অনন্যা (৫) ও লাবনী (৭)। তাদের সবার বাড়ি ফরিদপুরের ভাঙা থানার নগরকান্দায়।
 
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, ফরিদপুরের নগরকান্দা এলাকায় কয়েক যুবক তিনটি শিশুকে বরিশাল-রাজশাহীগামী বিআরটিসি বাসে উঠিয়ে দেয়। অপহরণকারীদের একটি গ্রুপ রাজশাহীতে অবস্থান করছিল। ওই বাসে রাজশাহী ফিরছিলেন রাজশাহী মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র। তাদের সন্দেহ হলে তারা রাজশাহী মহানগর পুলিশকে ঘটনাটি জানায়। পরে রাতে বাসটি নগরীর আলুপট্টি মোড়ে পৌঁছালে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে।
 
উদ্ধার হওয়া শিশুদের জিজ্ঞাসাবাদ শেষে শাহ মখদুম থানাধীন ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তবে অপহরণকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।