জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজারে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া যুবক হাসান বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত হাসান নওগাঁ জেলার বদলাগাছী উপজেলার দেবরাইল গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাদসা বাজারে স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তিতে বৈঠক চলছিল। এর সময় কয়েকজন যুবক তাকে ধরে নিয়ে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর রাতেই বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে থেকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।