তনুর স্বজনদের জিজ্ঞাসাবাদ

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় বুধবার তার চাচা, চাচিসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তাদের সিআইডির কুমিল্লা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
তনুর স্বজনদেরকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ও তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান ও মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম।
 
তনুর চাচা মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের আলাল হোসেন, চাচি সাজেদা বেগম, তনুদের এলাকার বাসিন্দা পেয়ার আহমেদের বন্ধু জিদনীসহ আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলো।
 
বুধবার বিকেলে আবদুল কাহার আকন্দ সিআইডির কুমিল্লা দপ্তরে গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য যাচাই করছি। শিগগিরই একটি ফলাফল দিতে পারব। আমরা অনেক দূর এগিয়েছি।'
 
তনুর পরিবারকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন ? এমন এক প্রশ্নের জবাবে কাহার বলেন, 'তনুর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার। তাই তথ্য নেওয়ার জন্য তদন্তের স্বার্থে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'