ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে অন্য ম্যাচে নিজেদের মাঠে বড় জয় পেয়েছে লিভারপুল।
ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ইতালির মাত্তেও দারমেইনের নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ক্রিস্টাল প্যালেসের আইরিশ ডিফেন্ডার ড্যামিয়েন ডেল্যাইনি। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দারমেইন; ডালে ব্লিন্ডের কর্নারে প্রতিপক্ষের এক ফুটবলারের মাথা ছুঁয়ে পেয়ে যান তিনি; বল বুক দিয়ে নামিয়ে গতিময় শটে ঠিকানায় পৌঁছে দেন ইতালির এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত ২-০ স্কোরলাইন ধরে রেখে জিতে ইউনাইটেড।
৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লুই ফন গালের দল। তাদের ওপরে আছে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া আর্সেনাল।
IMG0
এদিকে অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লিভারপুলের জয় ৪-০ ব্যবধানে। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় লিভারপুল। ৪৩তম মিনিটে জেমস মিলনারের ক্রসে অনেকটা লাফিয়ে নেওয়া হেডে ম্যাচের প্রথম গোলটি করেন ডিভোক ওরিগি।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে নেয়। এবারও মিলনারের চিপ থেকে দারুণ হেডে এভারটন গোলরক্ষককে পরাস্ত করেন মামাদু সাখো। দ্বিতীয়ার্ধের শুরুতে ওরিগিকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এভারটনের রামিরো ফুনেস মোরি। আর্জেন্টিনার এই ডিফেন্ডারকে হারানোর পর অতিথিদের রক্ষণে আরও চাপ দিতে থাকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
৬১তম মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় লিভারপুল। লুকাসের ডিফেন্স চেরা পাস থেকে পাওয়া বল অফসাইডের ফাঁদ ভেঙে সহজেই লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। ১৫ মিনিট পর ২৫ গজ দূর থেকে লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কোতিনহো লক্ষ্যভেদ করলে এভারটনের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। টানা তৃতীয় জয়ে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। গোল.কম।