জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। বুধবার দিনগত রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৩ এপ্রিল আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে কুসুম্বা বোর্ড ঘর এলাকায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।
এতে উভয় পক্ষের অন্তত ১৪ কর্মী আহত হন। আহতদের পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ১টি মোটরসাইকেল ভাঙচুর ও ১টি মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।