চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন। বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে গেছেন স্ত্রী নার্গিস বেগম। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তরিকুল ইসলাম চিকিৎসা নেবেন বলে জানান তার পুত্র অনিন্দ্য ইসলাম অমিত।
 
বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
 
তরিকুল ইসলামের দেশে ফেরার বিষয়টি চিকিৎসার ওপর নির্ভর করছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।
 
তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাধির সঙ্গে লড়াই করছেন। তিনি হার্ট, ডায়াবেটিস, কিডনিসহ একাধিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নেন।