ইয়েমেনের গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনা কুয়েতে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার এই শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
২০১৪ সাল থেকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। দুই পক্ষের এই লড়াইয়ে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনে আরব রাষ্ট্রগুলোর জোট দেশটিতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে একবছর আগে।
বিবিসি বলছে, বিদ্রোহীদের পক্ষে শান্তি আলোচনায় অংশ নিতে একটি প্রতিনিধি দল বুধবার রাজধানী সানা ত্যাগ করেছে। শান্তি আলোচনা সোমবার শান্তি আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্রোহীদের প্রতিনিধিদল যথাসময়ে পৌঁছুতে ব্যর্থ হওয়ায় তা পিছিয়ে যায়।
একে জাতিসংঘ আয়োজিত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া অস্ত্রবিরতির লঙ্ঘন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীপক্ষ। বিবদমান দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
মূলত নির্বাসিত প্রেসিডেন্ট আবদরাব্বু মনসুর হাদি অনুগত বাহিনী এবং শিয়া হুতি বিদ্রোহীদের মধ্যেই লড়াই চলছে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে প্রেসিডেন্ট মনসুর হাদি ইয়েমেন ত্যাগ করতে বাধ্য হন। দেশটির অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আরব উপদ্বীপের আল-কায়েদা। বিবিসি।