সদরঘাট থেকে ছেড়ে যাবে ২টি স্টিমার

নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে যাত্রী চলাচলের সুবিধার্থে বৃহস্পতিবার সদরঘাট থেকে একটির জায়গায় ২টি স্টিমার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)।
 
চাঁদপুর, বরিশাল ও বাগেরহাটের যাত্রী পরিবহন করবে এই দুইটি স্টিমার। বিআইডাব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক শাহ বরকত উল্লাহ এই তথ্য জানান।
 
তিনি বলেন, সিডিউল অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুমতি স্টিমার সদরঘাট থেকে বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।
 
বৃহস্পতিবার আরেকটি স্টিমারও রাখা হবে। তবে সেটি সন্ধ্যা সাড়ে ৬টার আগে ছাড়াবে না পরে ছাড়বে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
 
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন বুধবার রাত ১২টা থেকে দেশের সবগুলো নদী বন্দরে ধর্মঘটের ডাক দেয়।