জাপানের ওকাজাকি শহরে মিতসুবিশি মোটর্সের দ্বিতীয় বৃহত্তম প্লান্ট ও সংলগ্ন কার্যালয়ে অভিযান চালিয়েছেন জাপানি কর্মকর্তারা। বিবিসি বলছে, গাড়ি নির্মাতা কোম্পানিটি ফুয়েল ইকোনমি ডেটায় জালিয়াতি করেছে এমন তথ্য ফাঁস হওয়ার পর প্রতিষ্ঠানটির ওই কার্যালয়ে বৃহস্পতিবার অভিযান চালানো হয়।
মিতসুবিশির ওকাজাকির কারখানায় গাড়ি তৈরির পাশাপাশি গাড়ি নিয়ে গবেষণাও করা হয়। মিতসুবিশি স্বীকার করেছে, তাদের কর্মীরা ছয় লাখের বেশি গাড়ির মাইলেজ বাড়িয়ে দেখিয়েছে।
এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর ঘটনা’ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের একজন সরকারি কর্মকর্তা। মিতসুবিশিকে এ বিষয়ে পূর্ণ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২৭ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য মিতসুবিশিকে নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
যে ছয় লাখ গাড়ির মাইলেজের পরীক্ষায় ফাঁকি দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে মিতসুবিশির এক লাখ ৫৭ হাজার এবং নিশান মোটর্সের জন্য তৈরি চার লাখ ৬৮ হাজার গাড়ি রয়েছে। এসব গাড়ির মধ্যে মিতসুবিশির ইকে ওয়াগন এবং ইকে স্পেস এবং নিশানের ডায়াজ এবং ডায়াজ রুক্স রয়েছে। ৬৬০ সিসির এসব ‘মিনি কার’ জাপানের বাজারে জনপ্রিয় হলেও অন্যান্য বাজারে তেমন জনপ্রিয়তা পায়নি। বিবিসি।