কেউ ছাড় পাবে না: দুদক

 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল বলেছেন, ‘দুদকের কাছে ছোট-বড় বলতে কোনো আসামি নেই। আসামিদের আসামি হিসেবেই দেখা হয়।’
 
বৃহস্পতিবার সংস্থার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেসব মামলার আসামিরা বাইরে আছেন, তাঁরা কেউ ছাড় পাবেন না। তদন্ত কর্মকর্তারা তাঁদের ক্ষমতাবলে আসামিদের গ্রেফতার করছেন।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আশ্বস্ত করতে পারি যে কেউ ছাড় পাবেন না। সুষ্ঠু তদন্তের স্বার্থে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, আইন অনুযায়ী সে পদক্ষেপ নেয়া হবে।’
 

প্রভাবশালীদের গ্রেফতার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আবু মো. মোস্তফা কামাল বলেন, এই সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নেন। তিনি তাঁর তদন্তের স্বার্থে যেকোনো আসামিকেই গ্রেফতার করতে পারেন। এ ক্ষেত্রে প্রভাবশালীদের গ্রেফতারে কোনো বাধা নেই।