ফেনী সদর উপজেলার রাণীরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেঠাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই মো. শহীদুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি চাচাতো ভাই আবুল খায়ের সুমনকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ভোরে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম বৃহস্পতিবার দুপুরে তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় সংবাদ সম্মেলনে ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোরশেদ, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম আরো জানান, গোপন সংবাদেও ভিত্তিতে খবর পেয়ে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর গ্রামে আসামির বোনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ফেনী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আবুল খায়ের সুমনকে গ্রেফতার করে। পরে তাকে ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার রাণীরহাট বাজারে জেঠাতো ভাই সুমনের ছুরিকাঘাতে চাচাতো ভাই মো. শহীদুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। রাণীরহাট বাজারে একটি দোকানে বসে তারা কথা বলা অবস্থায় উভয়ের মধ্যে তর্কবিতর্ক বেধে যায়। এক পর্যায়ে জেঠাতো ভাই সুমন উত্তেজিত হয়ে চাচাতো ভাই মো. শহীদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় শহীদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।